এবার আলাদাভাবে হচ্ছে বেসিস সফটএক্সপো

.
.দেশের সফটওয়্যার পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শনের মেলা বেসিস সফটএক্সপো এবার আলাদাভাবেই হচ্ছে। আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে। গতকাল শনিবার রাজধানীর বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত সফটএক্সপো নামে বার্ষিক মেলার আয়োজন করে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বেসিস। ২০১৩ সালে এই মেলা হয়নি। এরপর ২০১৪ ও ২০১৫ সরকারের ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজন করা হয় এই মেলার। এবার আবার স্বকীয়তা ফিরে পেল বেসিসের সফটএক্সপো। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘নানা কারণে ২০১২ সালের পর আলাদাভাবে বেসিস সফটএক্সপোর আয়োজন করা সম্ভব হয়নি। ডিজিটাল ওয়ার্ল্ড সবার মেলা। কিন্তু আলাদাভাবে আমাদের দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় প্রসারের সবচেয়ে কার্যকরী জায়গা হলো বেসিস সফটএক্সপো। এখন থেকে আবারও প্রতিবছর বেসিস সফটএক্সপো আয়োজন করা হবে।’
এবারের মেলার স্লোগান গতিময়তায় ভবিষ্যৎ বা ‘ফিউচার ইন মোশন’। সংবাদ সম্মেলনে সফটএক্সপো ২০১৭-এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর বলেন, আগের যেকোনো সফটএক্সপোর চেয়ে বড় পরিসরে এ মেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, পরিচালক সোনিয়া বশির কবির, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, র্যাংগসটেলের প্রধান যোগাযোগ কর্মকর্তা মেহনাজ কবির, আমরা টেকনোলজিসের বিপণনপ্রধান মুনতাসির আহমেদ ও ফ্লোরা সিস্টেমসের প্রধান পরিচালন কর্মকর্তা জোয়াহের আহমেদ।
এবারের মেলায় ৫৭টি স্টল, ৩৬টি মিনি প্যাভিলিয়ন ও ১৬টি প্যাভিলিয়ন থাকছে। আইটিইএস ও বিপিও জোন, বিজনেস সফটওয়্যার জোন, মোবাইল ইনোভেশন জোন ও ই-কমার্স জোন—পুরো মেলা এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রসারে থাকছে স্থানীয় ও আন্তর্জাতিক বিজনেস ম্যাচমেকিং অধিবেশন। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে লিডারস মিট, ডেভেলপার সম্মেলন, নারী প্রযুক্তিবিদদের সম্মেলনসহ নানা আয়োজন। শিশুদের জন্য থাকবে কোডিং প্রতিযোগিতা। এবারের সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে থাকছে ২০টি সেমিনার এবং ১০টির বেশি কারিগরি অধিবেশন।
সফটএক্সপোর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মাইক্রোসফট ও এবি ব্যাংক। পাশাপাশি সহযোগী হিসেবে আছে র্যাংগসটেল, আমরা টেকনোলজিস ও ফ্লোরা সিস্টেমস।
আগ্রহী যে কেউ মেলা প্রাঙ্গণে কিংবা অনলাইনে আগে থেকে নিবন্ধন করে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। বেসিস সফটএক্সপোর ওয়েবসাইটে (www.softexpo.com.bd) নিবন্ধন করা যাবে।
mongsai79@gmail.com

Comments