- Get link
- X
- Other Apps
Published:
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সোমবার রাতে নগরীর জর্ডান রোড চন্দ্রিমা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনও একই কথা বলছেন। তার ভাষ্য, জর্ডান রোডের বাসিন্দা এক তরুণের সঙ্গে মেয়েটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বিষয়টি তার বাবাকে জানানোর পর সে ‘আত্মহত্যা করে’।
১৩ বছর বয়সী মেয়েটির বাড়ি হিজলা উপজেলায়। কয়েক বছর আগে জাকির হোসেন যখন হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, তখনই তার বাসায় কাজ শুরু করে মেয়েটি। পরে পদোন্নতি পেয়ে বরিশালে আসার সময়ও তাকে সঙ্গে নিয়ে আসেন জাকির হোসেন।
তিনি বলেন, “এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে টের পেয়ে আমার স্ত্রী বিষয়টি ওর বাবাকে জানায় এবং মেয়েকে নিয়ে যেতে বলে। এরপর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।”
মেয়েটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ মোল্লা জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
কোতোয়ালির ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, মৃতদেহের সুরতহাল শেষে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
Comments
Post a Comment
Thanks for you comment